
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক বনায়ন নার্সারী এবং প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আমলকী ও অর্জুন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে উপজেলার কুশনা ইউনিয়নের আমেরিকা সড়কে ফলজ, বনজ, ঔষধি ও কাঠজাতীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এনসিপি প্রতিনিধি হৃদয় আহসান, সাংবাদিক এস এম রায়হান উদ্দীন, সাংবাদিক মঈন উদ্দিন খান, উপজেলা বনায়ন প্রকল্পের এফজি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও দীপা রানী সরকার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সফল করতে কোটচাঁদপুর উপজেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছের পরিচর্যায়ও আন্তরিক হতে হবে।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা ও তদারকি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]