
মৌলভীবাজার রুটে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। রবিবার হবিগঞ্জ থেকে সিলেটগামী সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থানে গন্তব্যের যাত্রী।
জানা গেছে, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটটি মৌলভীবাজার জেলার ওপর দিয়ে গেছে। দুই বছর ধরে এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে বিরোধ চলছে দুই জেলার মালিক সমিতির মধ্যে। এ নিয়ে একাধিকবার হামলা, পাল্টা হামলাসহ ঘটেছে বাস চলাচল বন্ধের ঘটনাও। সবশেষ গত শুক্রবার সিলেট বিভাগীয় কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসা হয় প্রশাসনের মধ্যস্ততায়। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।
গত শনিবার আবারও হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠে মৌলভীবাজারের শ্রমিকদের বিরুদ্ধে। ফলে তাৎক্ষণিক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ার রোববার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজারসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করা হয়।
রবিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় স্ট্যান্ডে সারি সারি করে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এত করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনন্দিন যাত্রীরা। সকালে কাজে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে অনেককে ফিরে যেতে দেখা গেছে। দূরপাল্লার যাত্রীরাও পড়েছেন অনিশ্চয়তায়। অনেকেই বাধ্য হয়ে অটোরিকশাসহ বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিভাগীয় কমিশনার ও জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একাধিকবার আলোচনা হয়েছে। এখনও সমস্যার গ্রহণযোগ্য সমাধান হয়নি। এ কারণে আমরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]