
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ- এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীনএক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। ফেরত আসা মো. বকুল মন্ডল দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি মরারপাড়া গ্রামের মো. লুৎফর মন্ডলের ছেলে। গত ৮ মে থেকে সে নিখোঁজ ছিল এবং সেমানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের কলকাতায় এক বাংলাদেশী যুবকের অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ছবিটি দেখে তাকে মো. বুকল হিসেবে শনাক্ত করেন এবং অসুস্থ সন্তানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবির নিকট আবেদন জানান।
বকুল মন্ডলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিজিবি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ ও সমন্বয় করে। এরই সূত্র ধরে শনিবার (১৬ মে) রাতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি কমান্ডার জানতে পারেন ভারতের উদয়নগর কলোনীপাড়া এলাকা থেকে মো. বুকল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশী নাগরিককে বিএসএফ আটক করেছে।
পরবর্তীতে বিজিবি মো. বকুলের পরিচয় নিশ্চিত হয়ে তাকে ফেরত চাইলে শনিবার রাত আনুমানিক ১০.৩০ টায় সীমান্ত পিলার ১৫৭/২- এস এর নিকট বিজিবির চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং বিএসএফ এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট বিএসএফ হস্তান্তর করলে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার সৈয়দ মোশারফ হোসেন এবং বিএএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের কমান্ডার এসিমিথুন কুমার। পরবর্তীতে আজ রোববার সকালে বকুল মন্ডলকে তার পরিবারের নিকট হস্তান্তর করে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপগ্রহণে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]