শ্রীমঙ্গল হাইল হাওর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২:৫৭
শ্রীমঙ্গল হাইল হাওর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রাজাপুর এলাকায় পানিতে অর্ধ-ডুবন্ত অবস্থায় মাহমুদ বকস (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদ বকস শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং তিনি আসকর মিয়া বকসের ছেলে বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাজাপুর প্রাণ কোম্পানির পাশের ধানের জমির পানিতে একটি মৃতদেহ অর্ধ-ডুবন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


ঘটনাস্থলে শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী কামাল হোসেন উপস্থিত ছিলেন।


প্রথমদিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে স্থানীয় লোকজন তাকে মাহমুদ বকস হিসেবে শনাক্ত করেন। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধ্যায় মাছ ধরতে হাওরে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।


পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com