
ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনের পুলিশি গাড়ির ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন।
নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকেল সাড়ে ৩টার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়।
তিনি আরো জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন। তবে তার পায়ে সাপে কাটার মত ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যেধরনের ছিমটম থাকে, আশিকেরও সেরকম ছিল।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]