প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:২২
প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটিনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঢালী একই গ্রামের মাওলা বক্স ঢালীর ছেলে।


নিহতের শ্যালক শাফায়েত সুজন বলেন, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় তাদের চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেন।


বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হয়।


তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।


এ ঘটনায় শিল্পি খাতুন ও আরবী খাতুন নামের আরও দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, পৈতৃক ভিটা-জায়গায় (শরিকানা জমি) প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা দায়ের করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com