
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হলো বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে প্রথম পর্যায়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭ পরিবার কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা। মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে তারা ঘরে বসেই ভাতা পাবেন। এ কার্ড পাহাড়ি এলাকায় বসবাসকারি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টি ও বাঙালিদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় ‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’,‘পরিবারের সুরক্ষা ও আত্নমর্যাদা ফ্যামিলি কার্ডেই মুল ভরসা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আমরা জনগণের সেবা করতে এসেছি। সুতরাং এমন কোন কাজ করবেন না, যাতে দল কিংবা সরকারের সুনাম ক্ষুন্ন হয়। ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি বলেও জানান এ মন্ত্রী।
তিনি বলেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি মন্ত্রী দীপেন দেওয়ান উপস্থিত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ৩০০ নম্বর আসন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার আবদুর রহমান, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন।
বিবার্তা/নুরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]