‘নির্দিষ্ট সময়ে ভিক্ষা দিয়ে যাবেন, কষ্ট করে নিতে পারবো না’
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:৫৯
‘নির্দিষ্ট সময়ে ভিক্ষা দিয়ে যাবেন, কষ্ট করে নিতে পারবো না’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে ‘ডিজিটাল ভিক্ষুক’ নামে পরিচিত এক ভিক্ষুকের কার্যক্রম। হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিক্ষা গ্রহণ এবং সময় শেষ হলে আর ভিক্ষা না নেওয়ার কথা জানিয়ে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।


বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিননগর এলাকায় অবস্থিত শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরীফের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি উপস্থিত কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।


সংবাদকর্মী মেহেদী হাসান মেহের ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছিননগর শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরীফের সামনে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন ভিক্ষুক অবস্থান করেন। মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করেই তারা জীবিকা নির্বাহ করেন।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিক্ষুকদের একজনের হাতে হ্যান্ড মাইক নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছেন, “আসসালামু আলাইকুম, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা। আমি একজন ডিজিটাল ভিক্ষুক। আমাকে ভিক্ষা দিবেন। যারা ভিক্ষা দিবেন, কষ্ট করে আমাকে ভিক্ষাটা দিয়ে যাবেন। আমি কিন্তু কষ্ট করে ভিক্ষা নিতে পারবো না। আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিক্ষা করি। সময় চলে গেলে আমি আর ভিক্ষা নেবো না। আমি তিনটা পর্যন্ত ভিক্ষা করি, এর ভেতরে কষ্ট করে ভিক্ষাটা দিয়ে যাবেন।” এমন ঘোষণায় আশপাশে থাকা অনেকেই বিস্ময় প্রকাশ করেন।


স্থানীয়রা জানান, এর আগে কখনও এভাবে মাইক ব্যবহার করে সময় নির্ধারণ করে ভিক্ষা নেওয়ার ঘোষণা শোনা যায়নি। বিষয়টি অনেকের কাছে মজার মনে হলেও কেউ কেউ এটিকে ভিক্ষাবৃত্তির নতুন কৌশল বলেও মন্তব্য করেছেন।


এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি মানুষের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল।


স্থানীয়দের ভাষ্য, মাছিননগর শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরীফ এলাকায় দীর্ঘদিন ধরেই ভিক্ষুকরা অবস্থান করে জীবিকা নির্বাহ করছেন। তবে সময় নির্ধারণ করে এভাবে ভিক্ষা গ্রহণের ঘোষণা দেওয়ার ঘটনা এই প্রথম দেখা গেল বলে জানিয়েছেন তারা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com