শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ভাইসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:১৩
শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ভাইসহ ২ ছিনতাইকারী গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি উত্তর)।


গ্রেফতারকৃতদের একজন সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি ।


গ্রেফতারকৃতরা হলেন- শাহাব উদ্দিন শাবু ও মো. পারভেজ। তাদের মধ্যে শাহাব উদ্দিন শাবু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই।


পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃত শাহাব উদ্দিন শাবুর গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। অপরদিকে পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় থাকেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।


পুলিশের সিডিএমএস যাচাই করে তিনি জানান, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি ও ছিনতাইসহ দ্রুত বিচার আইনে ছয়টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেফতার পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।


তিনি আরও জানান, গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/জয়দেব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com