
দিনাজপুরের হাকিমপুরের হরিহরপুর গ্রামের শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম বিয়ের বিষয় গোপন করে দ্বিতীয় বিয়ে করে। পরবর্তীতে প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে স্বামীকে তালাক দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহিনুর ইসলাম দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে জখম ও নাক কেটে দিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অত্র এলাকার ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন লেবু বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার পরে স্বামী শাহিনুর ইসলামকে উপস্থিত জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
শাহিনুর ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করঞ্জি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তার প্রথম স্ত্রীর ঘরে দুটি সন্তান আছে।
স্থানীয়রা জানান, গত বছরের মার্চ মাসে শাহিনুর ইসলাম প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে হরিহরপুর গ্রামের রিভা মণিকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিলেন শাহিনুর। তিন মাস আগে শাহিনুরের প্রথম স্ত্রী ও সন্তানের খবর জানতে পারে রিভা মণির পরিবার। এরপর গত বুধবার আদালতের মাধ্যমে শাহিনুরকে তালাকের নোটিশ দেন রিভা মণি। এরপর শাহিনুর ইসলাম গত শুক্রবার সন্ধায় রিভা মণির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ও হত্যার হুমকি দেন। পরদিন সকালে আবার রিভা মণির বাড়িতে যান শাহিনুর। এ সময় বাড়িতে কেউ না থাকায় ধারালো ছুরি দিয়ে রিভার শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রিভা মণির নাক বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পাশাপাশি শাহিনুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, শুক্রবার দুপুরে উপজেলার হরিহরপুরে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাক কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে গ্রামের লোকজন অভিযুক্ত শাহিনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা জাকারিয়া মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে শাহিনুরকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]