ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ সদস্যের চিঠি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৯:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ সদস্যের চিঠি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার-৪ আসন কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। একই সঙ্গে পৃথক চিঠিতে তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।


সংসদ সদস্যের ঘনিষ্ঠজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিজ সংসদীয় এলাকায় মাদক নির্মূলে এমপি মুশফিকুর রহমান জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন। নির্বাচনের আগেও তিনি এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এসব মাদকদ্রব্য সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন। সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এ চোরাচালানের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান।


এদিকে কসবা ও আখাউড়া উপজেলায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।


এ বিষয়ে পৃথক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে রাতের আঁধারে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠে এসেছে। এতে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ফসলি জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে এবং নদী তীরবর্তী বাঁধ ভেঙে বাড়িঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com