
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মুন্সেফপাড়ায় একটি বহুতল নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের মুন্সেফপাড়া মহল্লার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. জুয়েল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এমন ‘হত্যাকাণ্ড’ ঘটছে। যা প্রশাসনের চোখের সামনে চললেও তা দেখার কেউ নেই।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টা ৪৫ মিনিটের দিকে মুন্সেফপাড়ার ওই নির্মাণাধীন ভবনের উপরে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান জুয়েল। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুয়েল, পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আব্দুল সালামের ছেলে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বহুতল এই ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়নি কোনো সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী। শ্রমিকদের জন্য ছিল না কোনো হেলমেট বা সেফটি বেল্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "মালিকপক্ষ শুধু কাজ বুঝে নিতে চায়, আমাদের জীবনের দাম তাদের কাছে নাই।"
ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পিতা আব্দুল সালামসহ স্বজনরা। তাদের আর্তনাদে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে। স্বজনদের দাবি, ভবন মালিকের চরম অবহেলার কারণেই আজ আমাদের জুয়েলকে প্রাণ দিতে হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে এবং ঘটনাস্থলে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কোনো অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]