
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাল ও মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি নিয়ে প্রতিবেশী সহিদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় সহিদ মিয়া বেশ কয়েকদিন ধরে বালু ফেলে বিবাদমান জায়গা ও খাল মাটি দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছে। এরই প্রতিবাদে মন্দিরের জায়গা ও খাল রক্ষার দাবিতে দুপুরে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখল হয়ে যাওয়া জায়গায় গিয়ে মানববন্ধন করতে চাইলে সহিদ মিয়া, তার ছেলে আনোয়ার মাষ্টার সহ তাদের লোকজন বাধা দেয়। এক পর্যায় রোকন উদ্দিন নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারিদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহুর্তেই ২০-২৫ জন এসে লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে প্রতিবাদ জানাতে আসা অন্তত ১০জন আহত হয়। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সহিদ মিয়া অবশ্য বলেছেন, 'মন্দিরের জায়গায় তিনি মাটি ফেলননি। যেটি খাল দেখা যায় সেটি আসলে জমি। তাদের মানববন্ধনে আমরা হামলা করিনি। একটি চক্র এটার পিছনে কাজ করছে।’
এ বিষয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ বিষয়ে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সরজমিনে ঘুরে দেখা গেছে, অভিযোগকারি ব্যক্তি দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছেন। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]