
বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৬০) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিশডেবা ডলুঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ক্যচিং মং মার্মা বাচিং কারবারি পাড়ার বাসিন্দা বাচিং মার্মার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ক্যচিং মং মার্মা মঙ্গলবার সকালে (২৪ ফেব্রুয়ারি) নিজ ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। পরে সন্ধ্যা ঘনিয়ে আসলেও ক্যচিং মং মার্মা বাড়িতে না ফিরলে স্বজনেরা খুঁজতে বের হন। খোঁজাখুজির এক পর্যায়ে রাত ৯টার দিকে ক্যচিং মং মার্মাকে গুরুতর আহত অবস্থায় ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেদ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ক্যচিং মং মার্মাকে মৃত ঘোষণা করেন। ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে গেলে ক্যচিং মং মার্মা বন্যহাতির কবলে পড়েন বলে জানান ছেলে উচিংহ্লা মার্মা। তিনি বলেন, ওই হাতির পদপিষ্টে গুরুতর আহত হয় ক্যচিং মং মার্মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতি আক্রমণে ক্যচিং মং মার্মা নিহতের ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি একটি অপমৃত্যু রুজু করা হয়েছে।
বিবার্তা/আরমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]