
বান্দরবানের থানচিতে গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় এয়ার কম্প্রেশার সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে থানচি বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম কাদের চৌধুরী (১৬)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে থানচি বাস স্টেশন এলাকায় নূর আলমের হাওয়ার দোকানে কাজ করছিল কাদের। সে সময় একটি তিন চাকার মাহেন্দ্র গাড়িতে হাওয়া দেয়ার সময় এয়ার কম্প্রেশার যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কাদের ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে কিশোরটির মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]