
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে। সেঞ্চুরির পর পকেট থেকে হাতে লেখা একটি কাগজ বের করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ৯২ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকা লিটনকে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম।
সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে একটি কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন লিটন। সেখানে ইংরেজিতে হাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’ ছোট্ট মেয়ে আনায়রার জন্মদিনে বাবার ব্যাট থেকে আসা এমন উপহার ছুঁয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের হৃদয়।
এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন লিটন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভালো করতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত ইনিংস খেলে সেই হতাশা কাটিয়ে উঠলেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
শেষ পর্যন্ত ১২০ রান করে থামে লিটনের ইনিংস। ১৭৯ বলের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও একটি ছক্কায়। ডেন প্যাটারসনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এর আগে প্রথম দিনের শুরুতেই ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তানজীদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ৯৯ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। পরে হৃদয় ও লিটন গড়েন ২০৬ রানের রেকর্ড জুটি। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হৃদয় আগের দিন ১৩৭ রান করে আউট হলেও লিটন অপরাজিত ছিলেন ৯২ রানে।
ব্যাট হাতে সেঞ্চুরি, আর সেই সেঞ্চুরি মেয়ের জন্মদিনে উৎসর্গ লিটনের ইনিংসটি তাই শুধু পরিসংখ্যানেই নয়, আবেগের দিক থেকেও হয়ে থাকল বিশেষ স্মরণীয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]