
দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার সহ মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।উদ্ধার করা নিদর্শনগুলোর বিজিবির আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।
আটক মোমিন ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়,জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় ১৫ নভেম্বর সোমবার দিবাগত রাতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ-সংলগ্ন পীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী চত্রা বাজারের পাশে জনবিচ্ছিন্ন একটি টিনের ঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকার বিষয়টি নিশ্চিত হয় বিজিবি।
পরে সেখানে অভিযান চালিয়ে এসব নিদর্শন উদ্ধার এবং মোমিন ইসলামকে আটক করা হয়।
উদ্ধার করা নিদর্শনের মধ্যে রয়েছে একটি বেলেপাথরের শিলাখণ্ড, একটি ছোট কষ্টি পাথরের খণ্ডাংশ এবং একটি শিবলিঙ্গের খণ্ডাংশ। এর মধ্যে বেলেপাথরের শিলাখণ্ডের ওজন ৯০ কেজি,কষ্টি পাথরের খণ্ডাংশের ওজন ২০ কেজি এবং শিবলিঙ্গের খণ্ডাংশের ওজন ২০ কেজি। সব মিলিয়ে উদ্ধার করা নিদর্শনের ওজন ১৩০ কেজি। এগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।
উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলে জানান বিজিবি।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]