পাঁচ উইকেট নিয়ে যে কীর্তি গড়ে অস্ট্রেলিয়ান গ্রেটের পাশে হাসান
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৩:০৯
পাঁচ উইকেট নিয়ে যে কীর্তি গড়ে অস্ট্রেলিয়ান গ্রেটের পাশে হাসান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। এক মাসের ব্যবধানে আবারও ফাইফার পেলেন বাংলাদেশের পেসার।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুই উইকেট নিয়েছিলেন হাসান। দ্বিতীয় দিন ৮২তম ওভারে হ্যাটট্রিক না হলেও দেশের মাটিতে প্রথম পাঁচ উইকেট নেন এই পেসার।


আগের দিন ১১১ রানে অপরাজিত আমির জাঙ্গুকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট এনে দেন হাসান। ২১২ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৩৩ রান করেন তিনি। তাকে বোল্ড করেন হাসান।


রোস্টন চেজ মাঠে নেমে প্রথম বলেই লিটন দাসকে ক্যাচ দেন। জশুয়া বিশপের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিয়েছিলেন। হ্যাটট্রিকের উল্লাস টেকেনি। রিভিউ নিয়ে টিকে যান উইন্ডিজ ব্যাটার।


পরে হাসানের বলেই ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন বিশপ। দুই হাত ফসকে জীবন পান তিনি। অবশ্য ৯০তম ওভারের প্রথম বলে থামতে হয়েছে বিশপকে। লিটনের স্টাম্পিংয়ের শিকার তিনি।


আগের ওভারে বিশপ টানা দুটি চার মেরেছিলেন হাসানকে। তারপর পরের ওভারে প্রথম বলেই তাকে থামান বাংলাদেশি পেসার। লিটনের স্টাম্পিংয়ে ৫ উইকেটের দেখা পান তিনি।


টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট নিয়ে বিরল কীর্তি গড়লেন হাসান। দ্বিতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে ভিন্ন পাঁচ দেশের বিপক্ষে প্রথম পাঁচটি ফাইফার পেলেন তিনি। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।


পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম পাঁচ উইকেট নেওয়ার আগের কীর্তি ছিল নাথান লিয়নের। অস্ট্রেলিয়ার সেরা স্পিনারের পর এবার সেই তালিকায় যোগ দিলেন হাসান।


বাংলাদেশি পেসারদের মধ্যে এটিই সর্বোচ্চ ৫ উইকেটের রেকর্ড। এতদিন চারবার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com