
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে হতে যাওয়া ম্যাচটি তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনা ফুটবলে এক যুগের অবসান ও নতুন যুগের শুরুর প্রতীকও।
বিদায়ী ম্যাচের আগে মেসির আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন ক্যাম্পে পৌঁছানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিটি প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে বেড়েছে শেষবারের মতো প্রিয় তারকাকে আলবিসেলেস্তের জার্সিতে দেখার অপেক্ষা।
দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন মেসি।
এবার ৩৯ বছর বয়সে জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ডও শেষবারের মতো তুলে রাখবেন তিনি। তার বিদায়ী ম্যাচটি দেখতে মনুমেন্টালে উপস্থিত থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক।
থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের অনেকেই, পাশাপাশি থাকবেন আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলাররাও।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। তার নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর আগে জিতেছেন দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা। জাতীয় দলের হয়ে রেকর্ড ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। সঙ্গে আছে ৬৮টি অ্যাসিস্ট, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।
মেসির বিদায় অবশ্য এসেছে কিছুটা কঠিন সময়ের পর। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর কান্নায় মাঠ ছেড়েছিলেন তিনি। সেই ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দেও ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।
আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে মেসি লিখেছিলেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। দেওয়ার মতো আর কিছুই আমার বাকি নেই। পাশাপাশি দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।’
তবে ক্লাব ফুটবলে এখনই থামছেন না মেসি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। যদিও দুই মাস আগে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন তিনি। আগেভাগেই ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আর্জেন্টাইন তারকা।
বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আনহেল দি মারিয়াও থাকবেন এই বিশেষ দিনে। কাতারে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়কদের সামনে এবার জাতীয় দলের দায়িত্ব ধীরে ধীরে তুলে দেওয়া হবে নতুন প্রজন্মের হাতে।
মেসি যখন ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেন, তখন নতুন প্রজন্মের কয়েকজনের জন্মই হয়নি। ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও লিওনেল ফ্লোরেসদের জন্য তাই মেসির সঙ্গে একই জার্সিতে মাঠে থাকা হবে বিশেষ এক অভিজ্ঞতা।
‘এটা সবার জন্য স্মরণীয় একটি দিন হতে যাচ্ছে। সবাই এই ম্যাচে থাকতে চায়। এখন শুধু মুহূর্তটা উপভোগ করার পালা,’ বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার নতুন প্রজন্ম যে নিজেদের সামর্থ্য দেখাতে শুরু করেছে, তার প্রমাণও মিলেছে সাম্প্রতিক ম্যাচগুলোতে। বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এরপর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে পায় ৭-০ গোলের বড় জয়। ওই ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন মাস্তানতুওনো ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
তবে মেসির শূন্যতা পূরণ করা যে সহজ হবে না, সেটি জানেন স্কালোনিও। ‘সমষ্টিগতভাবে আমরা লিওর রেখে যাওয়া শূন্যতা পূরণের চেষ্টা করব,’ বলেছেন আর্জেন্টিনা কোচ।
মেসির সঙ্গে এই ম্যাচে বিদায় বলতে পারেন আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। ৩৮ বছর বয়সী সহ-অধিনায়ক নিকোলাস ওতামেন্দিও জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার সম্ভাবনায় আছেন। রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোকেও শুধু বেনিন ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে।
মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিস্তিয়ান রোমেরো। ২০১০ বিশ্বকাপে প্রথম মেসির হাতে ওঠা অধিনায়কের আর্মব্যান্ড এবার উঠতে পারে রোমেরোর হাতে। এরপর নেতৃত্বের তালিকায় আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও লাওতারো মার্তিনেজ।
আরও একটি প্রশ্ন ঘুরছে আর্জেন্টিনা ফুটবলে..মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন?
স্কালোনির উত্তর, আপাতত কেউ নন।
‘লিওর ম্যাচ না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি কাউকে দেব না। এরপর দেখা যাবে,’ বলেছেন তিনি।
বেনিনের বিপক্ষে তাই শুধু মেসির শেষ ম্যাচ নয়, আর্জেন্টিনা ফুটবলের একটি অধ্যায়ের শেষও হতে যাচ্ছে। ১০ নম্বর জার্সিতে শেষবার মাঠে নামবেন সেই খেলোয়াড়, যিনি দুই দশকের বেশি সময় ধরে আলবিসেলেস্তের ইতিহাসকে নতুন করে লিখেছেন। এরপর শুরু হবে মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন পথচলা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]