প্যারাগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:৪৫
প্যারাগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করেছে তারা। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে সকারুসরা।


এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে অস্ট্রেলিয়া। গ্রুপের অন্য দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নেয়ার কৃতিত্বও দেখাল অস্ট্রেলিয়া। গত আসরেও শেষ ষোলোতে খেলেছিল তারা।


সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা একাদশ থেকে ছয়টি পরিবর্তন এনে দল সাজান কোচ টনি পপোভিচ। প্রথম একাদশে সুযোগ পাওয়া ক্রিশ্চিয়ান ভলপাতো শুরু থেকেই ছিলেন সবচেয়ে প্রাণবন্ত ফুটবলার।


ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। ভলপাতোর কাট-ব্যাক থেকে জ্যাকসন আরভাইনের নেয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপরও একাধিক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে অস্ট্রেলিয়া।


১১তম মিনিটে ভলপাতো ড্রিবলিং করে বক্সের কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে বল হারান। প্রথম ২০ মিনিটে কয়েকটি কর্নার পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাচের মাঝামাঝি সময়ে বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণও ছিল তাদের পক্ষেই।


প্রথমার্ধের শেষ দিকে আরও চাপ বাড়ায় অস্ট্রেলিয়া। ৩৬ মিনিটে জর্ডি বসের দূরপাল্লার শট সহজেই ধরে ফেলেন গিল। ৩৯ মিনিট পর্যন্ত ভলপাতো একাই তিনটি গোলের সুযোগ তৈরি করেন। অতিরিক্ত সময়ে গোলের খুব কাছেও পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৪৫+২ মিনিটে ভলপাতোর বাঁ পায়ের শট এক হাতে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গিল। এরপর ভলপাতোর তৈরি আরেক আক্রমণ থেকে আরভাইনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।


প্রথমার্ধে তেমন কিছু করতে না পারলেও বিরতির পর বদলে যায় প্যারাগুয়ের খেলার চিত্র। দ্বিতীয়ার্ধে তারা বলের দখলে আধিপত্য দেখায় এবং কয়েকটি ভালো সুযোগও তৈরি করে। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারেনি দলটি।


অন্যদিকে দ্বিতীয়ার্ধে অনেকটাই রক্ষণাত্মক কৌশল নেয় অস্ট্রেলিয়া। আক্রমণে খুব বেশি না গেলেও নিজেদের রক্ষণভাগ গুছিয়ে রাখে তারা। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা ধরে রেখে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় সকারুসরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com