এক রেকর্ডে দুই কিংবদন্তি, মেসি ও রোনালদোর অবিশ্বাস্য মিল
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:০৭
এক রেকর্ডে দুই কিংবদন্তি, মেসি ও রোনালদোর অবিশ্বাস্য মিল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একসময় ছিলেন মাঠের দুই মেরুর বাসিন্দা। সময়ের পরিক্রমায় আজ তারা বয়সের ভারে ন্যুব্জ, কিন্তু মাঠের পারফরম্যান্স আজও দুই কিংবদন্তিকে এক অভূতপূর্ব বিন্দুতে এনে দাঁড় করাল। বিশ্বকাপের ইতিহাসে এমন এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন এই দুই মহাতারকা, যা ফুটবল প্রেমীদের জন্য এক বিস্ময়।


বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মাঝে সর্বোচ্চ সময়ের ব্যবধানের রেকর্ডটি এখন যৌথভাবে মেসি ও রোনালদোর দখলে। পরিসংখ্যান বলছে, এই ব্যবধানটি অদ্ভুতভাবে একই—২০ বছর ১১ দিন।


২০০৬ বিশ্বকাপের ১৭ জুন ইরানের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন রোনালদো। সোমবার উজবেকিস্তানের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপে তার গোলের যাত্রা ২০ বছর ১১ দিনের পূর্ণতা পেল।


অন্যদিকে, ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে গোলের খাতা খুলেছিলেন মেসি। গত ২২ জুন রাতে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে তিনিও রোনালদোর মতোই ২০ বছর ১১ দিনের ব্যবধান স্পর্শ করলেন।


দুই কিংবদন্তির ক্যারিয়ারের এই অদ্ভুত মিল যেন নিয়তির এক নিখুঁত নকশা। তবে রেকর্ডের পাতায় এটিই একমাত্র মিল নয়। বিশ্বকাপে আরও একটি রেকর্ডে ডেনমার্ক কিংবদন্তি মাইকেল লাউড্রপের পাশে নাম লিখিয়েছেন তারা।


দেশের হয়ে বিশ্বকাপে গোল করা ‘সবচেয়ে কম বয়সী’ এবং ‘সবচেয়ে বেশি বয়সী’ ফুটবলারের অভিজাত ক্লাবে এতদিন একা রাজত্ব ছিল লাউড্রপের। চলতি বিশ্বকাপে মেসি এবং এরপর আজ রোনালদো সেই ক্লাবে নাম লিখিয়ে ত্রয়ী পূর্ণ করলেন।


লাউড্রপ ২১ বছর ৩৫৮ দিন বয়সে ডেনমার্কের হয়ে প্রথম গোল করেন ২১ বছর ৩৫৮ দিন বয়সে। বিশ্বকাপে তার সর্বশেষ গোল ৩৪ বছর ৯ দিন বয়সে (১৯৯৮ বিশ্বকাপ)। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। অস্ট্রিয়ার জালে সর্বশেষ গোলের সময় তার বয়স ৩৮ বছর ৩৬৩ দিন। রোনালদো ২১ বছর ১৩২ দিন বয়সে বিশ্বকাপে পর্তুগালের হয়ে প্রথম গোল করেন। উজবেকিস্তানের বিপক্ষে আজ সর্বশেষ গোলে তার বয়স ৪১ বছর ১৩৮ দিন।


মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিন পেরিয়ে আজ মেসি ও রোনালদো নিজেদের ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে যেভাবে পরিসংখ্যানের পাতায় একে অপরের পরিপূরক হয়ে উঠলেন, তা ফুটবল ইতিহাসের পাতায় নিশ্চিতভাবেই একটি অম্লান অধ্যায় হয়ে থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com