
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৯ জনের কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল কানাডা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। এর ফলও পেয়ে যায় দ্রুত। কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা জোনাথন ডেভিডের জোরালো শট ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন কানাডার স্ট্রাইকার সাইল লারিন। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। এরপরই আরও বিপদে পড়ে কাতার। কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন হোমাম আহমেদ। প্রথমে পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে ফ্রি-কিক দেন রেফারি। তবে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ান হোমামকে। ফলে ম্যাচের আধঘণ্টা পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় কাতার।
সুবিধা কাজে লাগিয়ে বিরতির আগেই আরও একটি গোল করে কানাডা। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ব্যবধান ৩–০ করেন ডেভিড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কাতারের দুর্দশা আরও বাড়ে। ৫৩ মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে কঠোর ট্যাকলে ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। ওই ফাউলে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোনে। ফলে ৯ জনের দলে পরিণত হয় কাতার।
এরপর ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে যায়। ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে নাথান সালিবা চতুর্থ গোল করেন। গোল উদ্যাপনের সময় চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া কোনের জার্সি প্রদর্শন করেন তিনি।
৭৫ মিনিটে কানাডার পঞ্চম গোলটি আসে আত্মঘাতী গোল থেকে। কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাই নিজের জালেই বল পাঠিয়ে দেন।
শেষদিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার তৃতীয় গোলেই ৬–০ ব্যবধানে জয় নিশ্চিত করে কানাডা। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক; প্রথমটি করেছিলেন লিওনেল মেসি।
ডেভিডের হ্যাটট্রিক ও কাতারের দুই লাল কার্ডের ম্যাচে বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল স্বাগতিক কানাডা। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সে কঠিন পরিস্থিতিতে পড়ে গেল কাতার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]