
ক্রিস্তিয়ানো রোনালদোর চোখে চোখ রেখে লড়াইয়ের যে হুঙ্কার ছুড়েছিলেন ইয়োয়ান উইসা, মাঠে ঠিক তাই করে দেখালেন তিনি ও তার সতীর্থরা। ধীর গতির ও ধারহীন ফুটবলে যার জবাব খুঁজে পেল না পর্তুগাল। বিশ্বকাপ অভিষেকে আসরের এক ফেভারিটকে রুখে দেওয়ার কীর্তি গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সেই ধাক্কা সামলে সমতা টানে আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত ‘কে’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের প্রায় পুরোটা সময়ই ক্লান্তিকর ফুটবল খেলেছে পর্তুগাল। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রাখলেও, তাদের আক্রমণে পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। ছোট ছোট পাসে আক্রমণে উঠে বারবার খেই হারিয়েছে দলটি। এতে প্রতিপক্ষের জমাট রক্ষণের কৃতিত্ব থাকলেও, রোনালদো-নেভেসদের সহজে বল হারানোর দায়ও আছে অনেক।
বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি গড়েন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচজয়ী দুর্দান্ত হ্যাটট্রিকে উপলক্ষটা রাঙান আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
দিনের পরের অংশে, দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামার রেকর্ডও গড়েন তিনি (৪১ বছর ১৩২ দিন); কিন্তু বিশেষ উপলক্ষ রাঙিয়ে রাখার মতো কিছুই করতে পারেনেনি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
বরং মাঠে তার গতিহীন মুভমেন্টে যেন বয়সের ভারই বেশি ফুটে উঠল।
বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ/ ইউরো) পর্তুগালের হয়ে টানা ১০ ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো।
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল পর্তুগিজদের। জালে প্রথম বল পাঠাতে একদমই সময় নেয়নি তারা। ষষ্ঠ মিনিটে বাঁ পাশ থেকে ডি-বক্সে মাপা ক্রস বাড়ান পেদ্রো নেতো, আর সবার ওপরে লাফিয়ে জোরাল হেডে দলকে এগিয়ে নেন পিএসজির তরুণ মিডফিল্ডার নেভেস।
তবে, এরপর পর্তুগিজদের আক্রমণের ধার একেবারে কমে যায়। প্রথমার্ধের বাকি সময়ে আর একটিও গোলের জন্য শট নিতে পারেনি তারা।
কঙ্গোর পারফরম্যান্স বরং প্রশংসনীয় ছিল। বিশেষ করে, বল পায়ে না থাকা অবস্থায় দলটির খেলায় আত্মবিশ্বাসের ছাপ মেলে।
একে তো শক্তিশালী প্রতিপক্ষ, তারওপর শুরতেই গোল হজমের ধাক্কা- কিন্তু ঘাবড়ে যায়নি দলটি, বরং পরের কয়েক মিনিটে ভালো দুটি আক্রমণ শাণায় তারা। গোলের জন্য দুটি শটও নেয়, যদিও এর একটিও লক্ষ্যে ছিল না।
বিরতির ঠিক আগে তারা পেয়ে যায় গোলও। ছোট করে নেওয়া কর্নারের পর, সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে গোলটি করেন অরক্ষিত উইসা। বিশ্বকাপের মঞ্চে অভিষেকেই দলের প্রথম গোলদাতা হয়ে ইতিহাসে নাম লেখালেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেও প্রায় একইভাবে চলতে থাকে খেলা। ৫৫তম মিনিটে জোয়াও কান্সেলো ওভারহেড কিকে বল জালে পাঠালেও, গোল মেলেনি। পরিষ্কার ব্যবধানে অফসাইডে ছিলেন তিনি।
দ্বিতীয় পানি পানের বিরতির আগে একটি হাফ চান্স পান রোনালদো। ফ্রান্সিসকো কনসেইকাওয়ের পাস শরীর থেকে দূরে থাকলেও, ফ্লিকে চেষ্টা করেন তিনি; তবে বল লক্ষ্যে থাকেনি। বিরতি থেকে ফেরার পর, ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে আবারও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
শেষ দিকে জয়সূচক গোলের চেষ্টায় আরও কয়েকটি শট নেয় সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু কোনোটিই প্রতিপক্ষের গোলরক্ষককে একটুও ভাবাতে পারেনি।
পুরো ম্যাচে তাদের সাত শটের ওই একটিই লক্ষ্যে ছিল। কঙ্গোর আট শটের দুটি লক্ষ্যে ছিল।
এর আগে অবশ্য একবার বিশ্বকাপ খেলেছিল দেশটি, ১৯৭৪ আসরে। তবে, সেই সময় দেশটির নাম ছিল জায়ার। ওই আসরে তিন ম্যাচ মিলিয়ে তাদের স্কোরলাইন ছিল ১৪-০।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]