
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি বিশ্বকাপ ফুটবল ম্যাচ সম্প্রচার করবে। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
১১ জুন শুরু হচ্ছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। শুরুতে বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। তাদের কাছ থেকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্প্রচার স্বত্ব কেনার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ওই চুক্তি কার্যকর হয়নি।
পরবর্তীতে স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হওয়ায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি তা ছেড়ে দেয়। এরপর বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসে সম্প্রচার নিশ্চিত করার উদ্যোগ নেয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিনামূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগে ফিফার সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। আলোচনার ফলেই বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এছাড়া টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে দেশের দর্শকদের জন্য এই সুযোগ নিশ্চিত করেছে চ্যানেলগুলো।
এদিকে টিভি সম্প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।
মোবাইলে বিশ্বকাপ দেখতে চাইলে ব্যবহার করা যাবে মাই রবি, টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপ অ্যাপ। এসব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।
বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য এবার ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকারও বেশি।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]