চমক রেখে ইরানের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:৩০
চমক রেখে ইরানের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে সবচেয়ে বড় চমক হলো অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনকে দলে না রাখা।


সোমবার (১ জুন) ঘোষিত দলে জায়গা পেয়েছেন অধিনায়ক মেহদি তারেমি ও উইঙ্গার আলিরেজা জাহানবখশ। কিন্তু প্রাথমিক দল থেকে বাদ পড়া আজমুন শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও ফিরতে পারেননি।


ইরানের ফুটবল ইতিহাসের অন্যতম সফল গোলদাতা আজমুন জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন। তবু তাকে বাদ দেয়ার সিদ্ধান্তই দল ঘোষণার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলা এই ফরোয়ার্ড মার্চের আন্তর্জাতিক বিরতির দলেও ছিলেন না।


স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এমন একটি ঘটনার জেরে তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান ফুটবল কর্তৃপক্ষ।


আজমুনকে ফেরানোর পক্ষে প্রকাশ্যে মত দিয়েছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদোলকারিম হোসেইনজাদেহ। রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোচ আমির ঘালেনোই তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি।


আজমুন না থাকায় আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন ৩৩ বছর বয়সী তারেমি। বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলা এই স্ট্রাইকারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন জাহানবখশ। এছাড়া ফরোয়ার্ড বিভাগে রাখা হয়েছে আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ ও আমিরহোসেইন মাহমুদীকেও।


আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। কয়েক মাস ধরে ভ্রমণ ও নিরাপত্তা ইস্যু নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল ইরান। শুরুতে তাদের বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। ফিফার অনুমোদন পাওয়ার পর দলটি মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানাকে নিজেদের বেসক্যাম্প হিসেবে বেছে নিয়েছে।


তবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে হবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। একই শহরে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।


যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে একসময় ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। এখন দল ঘোষণা সম্পন্ন করে বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপে প্রবেশ করেছে দেশটি।


এবারের বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে ইরান। ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করে তারা। এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারেমির। বাছাইপর্বে ১৫ ম্যাচে ১০ গোল করে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।


বিশ্বকাপের মঞ্চে ইরানের ইতিহাস অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয়। ছয়বার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। এবার নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরকে টপকে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন ইরানি সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা।


ইরান বিশ্বকাপ স্কোয়াড


গোলকিপার
আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ


ডিফেন্ডার
দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান


মিডফিল্ডার
রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি


ফরোয়ার্ড
আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com