নারী চ্যাম্পিয়নস লিগ
রিয়ালের জালে ডজন গোল দিয়ে সেমিতে বার্সা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৪০
রিয়ালের জালে ডজন গোল দিয়ে সেমিতে বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী চ্যাম্পিয়নস লিগে টানা অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ১২–২ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের ‘এল ক্লাসিকো’-তে চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে ৬–০ গোলে জিতেছে বার্সেলোনা।


মেয়েদের রিয়াল–বার্সা দ্বৈরথে ২৫ ম্যাচে এটি বার্সার ২৪তম জয়। গত ২৫ মার্চ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আধডজন (৬–২) গোলে জেতার পর রোববার লিগ ম্যাচেও রিয়ালের বিপক্ষে ৩–০ গোলে জেতে বার্সা। সব মিলিয়ে গত ৮ দিনে রিয়ালকে টানা তিন ম্যাচে হারানোর পথে বার্সা ১৫ গোল করল।


এই জয়ে টানা অষ্টমবারের মতো মেয়েদের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল বার্সা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমের লিগ পর্বে গত অক্টোবরে এই জার্মান দলটিকে ৭–১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।


গতকাল ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটে গোলের সূচনা করেন বার্সা তারকা অ্যালেক্স পুতেয়াস। এটি ছিল বার্সার জার্সিতে তার ৫০০তম ম্যাচ, আর গোলটি ছিল ২৩০তম। এর মধ্য দিয়েই গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগে পাওয়া ৬–২ গোলে জয়ের ব্যবধান আরও বড় করার পথে এগিয়ে যায় স্বাগতিকেরা।


বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হানসেন। আর একটি করে গোল করেন ইরিনে পারেদেস, ইউয়া পাজর, ইসমে ব্রুগটস। এটা মেয়েদের এল ক্লাসিকোতে বার্সার সবচেয়ে বড় ব্যবধানে জয়ই শুধু নয়, মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সবচেয়ে বড় ব্যবধানে হারও।


এই জয়ে বার্সা এখন শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল। এর আগে গত মৌসুমে আর্সেনালের কাছে শিরোপা হাতছাড়া করেছিল তারা। দারুণ ছন্দে থাকা বার্সা অবশ্য এবার লিগ পর্ব শীর্ষে থেকে শেষ করেছে। এই পর্বে তারা মোট ২০টি গোল করেছে, হজম করেছিল মাত্র ৩টি।


ম্যাচ শেষে দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করা পুতেয়াস উদ্‌যাপন করেছেন সতীর্থদের কাঁধে চড়ে। গ্যালারিতে তখন সমর্থকেরা একসুরে তাঁর নামে স্লোগান দিচ্ছিল।


পরে ডিজনি প্লাসকে পুতেয়াস বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ, নিজেকে খুব ভালোবাসায় ঘেরা মনে হচ্ছে। সমর্থকেরা সেরা, আমি সব সময়ই এটা বলি। এই দলের সবচেয়ে বড় শক্তি সমর্থকদের সঙ্গে আমাদের সম্পর্ক। কারণ, আমরা সব সময় মাঠে নামি জার্সিটাকে সর্বোচ্চভাবে প্রতিনিধিত্ব করার চেষ্টা নিয়ে। দিনের শেষে এমন কিছু দেখা সত্যিই আবেগের।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com