
সমান তালে লড়াই করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৬৮ মিনিট পর্যন্ত জয়ের স্বপ্ন বেঁচেও ছিল। কিন্তু, এরপরের মিনিট থেকে থাইল্যান্ডের কাছে আত্মসমর্পণ শুরু। শেষ পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলার মেয়েদের।
বুধবার (১ এপ্রিল) ব্যাংককে থাইল্যান্ডের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। সাগরিকা দারুণ দুটি গোল করে দলকে এগিয়েও নেন।
শুরুর দিকে থাইদের ফ্রি কিক মিলি গ্রিপে নিতে পারেননি। তবে, বল পেয়ে স্বাগতিকদের একজনের শট চলে যায় পোস্টের বাইরে। এরপর বাংলাদেশের একজনের প্রচেষ্টা ক্রস বারের ওপর দিয়ে যায়।
২৮ মিনিটে বাংলাদেশ বেঁচে যায়। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া কুরিশারার জোরালো শট গোলকিপার আটকে দেন। তবে, মিলি ঠিকমতো গ্রিপে জমাতে না পারায় সামনে থাকা একজনের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।
৩৫ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। থাইল্যান্ড হাই লাইন ডিফেন্স খেলছিল। মৌমিতা বল পেয়ে দারুণ এক ডিফেন্স চেরা পাস দেন সাগরিকার উদ্দেশে, দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে একক প্রচেষ্টায় প্রায় ৪৫ গজ দৌড়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে জাল কাঁপান এ স্ট্রাইকার ।
একটু পর থাইল্যান্ডের কেইডেন ইলিয়ানা ভয় ধরিয়ে দিয়েছিল। তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে বিপদ হয়নি। বিরতির পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়।
৫০ মিনিটে উমেহলা মারমার থ্রু পাস ভেঙে দেয় থাইল্যান্ডের রক্ষণ। সাগরিকা বল পেয়ে সঙ্গে সঙ্গে থাই গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন জালে। ২-০ লিড পায় বাংলাদেশ।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে থাইল্যান্ড। বাংলাদেশের রক্ষণও নেমে আসে বেশ নিচে। ৬০ মিনিটে পিছাইয়াতিদার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। একটু পর আবারও পিচাইয়াতির শট গোলকিপার কোনমতে আটকে দেন।
৬৯ মিনিটে থাইল্যান্ড এক গোল শোধ করে। কুরিশারা পেনাল্টি থেকে দারুণ এক গোল করেন। ৭৫ মিনিটে থাইল্যান্ড ২-২ এ সমতা আনে। নবীরন ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি দেন। স্পট কিক থেকে রিনায়াপথ জাল কাঁপান।
এরপরের মিনিটে এগিয়ে যায় থাইল্যান্ড। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পিছাইয়াতিদা গোলকিপারকে হারান। এরপর চেষ্টা করেও বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি।
আগামী ৪ এপ্রিল বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। আর ৭ এপ্রিল খেলবে ভিয়েতনামের বিপক্ষে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]