বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৮:১৩
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছিল। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্সের।


এর আগে, কূটনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জেরে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়া হয়।


পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। এসব ঘটনার ফলে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে।


তিক্ততা কাটিয়ে কয়েকদিন আগেই বাংলাদেশ সরকার সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে। তবে জিওস্টারের এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। এখন সরকার নিষেধাজ্ঞা তুলে ফেললেও স্থানীয় সম্প্রচার অংশীদার না থাকায় চলতি মৌসুমে বাংলাদেশে টেলিভিশনে আইপিএল ম্যাচ দেখা যাবে না।


জিওস্টার জানায়, বাংলাদেশের সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে তাদের চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৩–২০২৭ সময়কালের জন্য টি-স্পোর্টস আইপিএলের মিডিয়া স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাব-লাইসেন্স নিয়েছিল। একই ধরনের অর্থ পরিশোধে ব্যর্থতার কারণ দেখিয়ে নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করার কথা জানানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com