জোড়া ফিফটি নিয়ে শান্ত-মুশফিকদের চা বিরতি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৫:৫২
জোড়া ফিফটি নিয়ে শান্ত-মুশফিকদের চা বিরতি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে আজ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্বাগতিক বোলারদের তোপে দলীয় ৫০ রান হওয়ার আগেই ৩ উইকেট হারায় টাইগাররা। তবে এরপর হাল ধরেন শান্ত ও মুশফিকুর রহিম। এ দুজনের জড়া ফিফটিতে চা বিরতিতে যাওয়ার আগে ১৮২ রানের দেখা পেয়েছে টাইগাররা।


আগে ব্যাট করতে নেমে সকালে ইনিংস শুরু করেন ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়।


আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে থাকা একটি ভালো লেংথের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই বিদায় নিতে হয় তাকে। এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।


দ্বিতীয় উইকেট জুটিতে ধীরে সুস্থে খেললেও ভুল করেন সাদমান। থারিন্দু রথনায়েকের ডেলিভারিতে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।


এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু তিনিও ব্যর্থ হন। থারিন্দুর বাইরের বল খেলে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। ফলে বাংলাদেশ হারায় তৃতীয় গুরুত্বপূর্ণ উইকেট। শুরুতেই তিন টপ অর্ডার ব্যাটারের বিদায়ে চাপে পড়ে সফরকারীরা।


এমন অবস্থায় ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই ব্যাটারই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। এ দুজনের প্রতিরোধী জুটির সুবাদেই মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ পায় ৯০ রানের দেখা।


শান্ত-মুশফিক জুটি মধ্যাহ্নবিরতির পরও বাংলাদেশ দলকে পথ দেখিয়েছে। এ দুজনের ইনিংসের সুবাদেই আর কোনো উইকেট না হারিয়ে দলীয় ২০০ রানের স্বপ্ন দেখছে টাইগাররা। চা বিরতিতে যাওয়ার আগেই দুজন পেয়েছেন ফিফটির দেখা। শান্ত অপরাজিত আছেন ৭০ রানে, মুশফিক অপরাজিত আছেন ৬৬ রানে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com