
আইফোন ও ম্যাক কম্পিউটারের বিক্রি বাড়লেও যন্ত্রাংশের সংকটে চাপে পড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রয়োজনীয় চিপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চলতি প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম বিক্রির পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং শেয়ারবাজারে লেনদেন শেষে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, উন্নতমানের চিপ তৈরির সক্ষমতার ঘাটতিই এখন সবচেয়ে বড় সমস্যা। নতুন পণ্যের চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি হলেও সরবরাহ ব্যবস্থা সেই চাহিদা পূরণ করতে পারছে না।
এ কারণে বিক্রি আরও বাড়ানোর সুযোগ থাকলেও প্রতিষ্ঠানটি তা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।
তিনি জানান, বিশেষ করে মেমোরি চিপের বিকল্প সরবরাহকারী খুঁজে বের করার চেষ্টা করছে অ্যাপল, যাতে ভবিষ্যতে উৎপাদন ব্যাহত না হয়।
অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখ বলেন, সেপ্টেম্বরে শেষ হওয়া চলতি প্রান্তিকে কোম্পানির আয় ৯ থেকে ১১ শতাংশ বাড়তে পারে। তবে বাজার বিশ্লেষকেরা প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিলেন।
এই কারণেই অ্যাপলের নতুন পূর্বাভাস বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তবে সদ্য শেষ হওয়া এপ্রিল-জুন প্রান্তিকে অ্যাপলের আর্থিক ফলাফল ছিল শক্তিশালী। এ সময়ে কোম্পানিটির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৪২ বিলিয়ন ডলারে, যা বাজারের পূর্বাভাসের চেয়েও বেশি।
সবচেয়ে বেশি অবদান রেখেছে আইফোন। এ সময়ে আইফোন বিক্রি ২১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এটি তৃতীয় প্রান্তিকে আইফোনের ইতিহাসে সর্বোচ্চ বিক্রি। একই সময়ে ম্যাক কম্পিউটারের বিক্রিও প্রায় ২৯ শতাংশ বেড়ে ১০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে আইপ্যাডের বিক্রি ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এছাড়া অ্যাপলের সেবা (সার্ভিসেস) খাতের আয়ও বাজারের প্রত্যাশার তুলনায় কম হয়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে আইফোনের বিক্রির গতি কমে গেলে সার্ভিসেস খাতের প্রবৃদ্ধিও আরও ধীর হতে পারে।
টিম কুক বলেন, বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রাহকের চাহিদা নয়, বরং পর্যাপ্ত যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করা। তাই সরবরাহ সংকট কাটিয়ে ওঠাই এখন কোম্পানির প্রধান লক্ষ্য।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]