রোজা রাখার ৫ উপকারিতা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯
রোজা রাখার ৫ উপকারিতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনকে আল্লাহমুখী করে তোলে। নিচে রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা সংক্ষেপে তুলে ধরা হলো।


রোজার অনেক উপকারিতা রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি উপকারিতা সংক্ষেপে দেয়া হলো:


১.তাক্বওয়া (খোদাভীতি) অর্জন


আল্লাহ তাআলা রোজার বিধান সংক্রান্ত আয়াতের শেষে বলেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যাতে তোমরা বুঝতে পারো বা যাতে তোমরা স্মরণ করতে পারো কথাটি বলেননি। তাক্বওয়ার কথা বলছেন। কারণ রোজা তাক্বওয়া অর্জনের একটি বড় মাধ্যম। এটি প্রথমত হৃদয়কে পাপাচার থেকে বিমুখ করে, আত্মার অবাধ্যতাকে দমন করে এবং ব্যক্তিকে ভুল ও অপরাধ থেকে দূরে রাখে।


২. ইবাদতের জন্য সময় বের হয়


খাবার-দাবারের পেছনে আমাদের দিনের অনেক সময় ব্যয় হয়। আমাদের সময় নষ্ট হওয়ার মূল কারণ হলো অতিরিক্ত পানাহার এবং দীর্ঘক্ষণ বসে চা বা বিভিন্ন পানীয় গ্রহণ করা। রামাদানের এই দীর্ঘ সময়গুলোতে ইবনে তাইমিয়্যা ও ইবনে কাইয়্যিমের মতো মনিষীরা ইসলামের সেবায় এবং দ্বীনের ঝাণ্ডা সমুন্নত রাখতে বই পুস্তক রচনা করতেন। ইবনে তাইমিয়্যা সম্পর্কে বলা হয় যে, তিনি যোহরের নামাজ থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যেই আল-আক্বীদাহ আত-তাদমুরিয়া বইটি লিখেছিলেন।


অথচ এটি আক্বীদা-বিষয়ক একটি জটিল বই। যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা-কলেজে এক বছর মেয়াদী কোর্স হিসেবে পড়ানো হয় এবং অনেক শিক্ষার্থী এটি বুঝতে ব্যর্থ হয়। সুতরাং এই সময়গুলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, কুরআন তিলওয়াত এবং ইস্তিগফারের মাধ্যমে কাজে লাগানো যেতে পারে, যেমনটি ইমাম গাজালী এবং অন্যান্য আলেমরা উল্লেখ করেছেন।


৩. হৃদয়ের সজীবতা লাভ


অতিরিক্ত হালাল খাবার, পানীয়, বিলাসবহুল বাসস্থান ও পোশাকের কারণে অন্তর মৃতপ্রায় হয়ে যায়। এসব জিনিসের আধিক্য হৃদয়কে মেরে ফেলে। কেউকেউ মনে করেন প্রচুর পানাহার হৃদয়ের জন্য জীবনস্বরূপ, কিন্তু এটি সঠিক নয়। হৃদয় বা রূহ হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি ফুঁৎকার (ঐশ্বরিক নূর)। এর সাথে মাটি ও পৃথিবীর সম্পর্ক যত কমবে, এটি আল্লাহর দিকে তত বেশি ধাবিত হবে।


৪. দরিদ্রদের ক্ষুধার কথা স্মরণ হয়


রোজার অন্যতম উপকারিতা হলো এটি আপনাকে দরিদ্র ও মিসকিনদের ক্ষুধার্ত পেটের কথা স্মরণ করিয়ে দেয়। রোজা আপনাকে তাদের বেদনা ও কষ্টের অনুভূতি দিয়ে যায়, ফলে আপনি তাদের যাপিত জীবনকে উপলব্ধি করতে পারেন। তারা যে তিক্ত সময় পার করে, রোজা রাখার মাধ্যমে আপনিও সেই স্বাদ আস্বাদন করেন এবং তাদের মতো করে জীবনকে অনুভব করেন।


৫. ধৈর্য ও আত্মিক উন্নতি সাধন


বিস্ময়কর বিষয় হলো, রোজা বান্দার মধ্যে ধৈর্য সৃষ্টির সবচেয়ে বড় মাধ্যম এবং আত্মাকে আল্লাহর দিকে ধাবিত করার অন্যতম পথ। রোজা ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং মানব জীবনে আত্মিক উন্নতি সাধন করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com