ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৯:২৮
ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ধর্ম ব্যবসা দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি।’


বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষই জেগে উঠবে।


দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে।
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, বরং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব।


তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার হাত ধরেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান।’
রাজনীতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘কেউ লং মার্চ বা শর্ট মার্চ করুক কিংবা কথায় কথায় হুমকি দিক, আবার কেউ দেশে ফিরতে চাইলে তাতে বাধা নেই। আমরা তো চাই, উনি আসুন এবং এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলোর মুখোমুখি হোন।’


ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিগত সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। তিনি নিজেই তো বলে গেছেন, তাদের যা দিয়েছি, তা তারা আজীবন মনে রাখবে।’


ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com