
এক দিকে আইন করে দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের কাজকর্মে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএনপি সরকার। অন্য দিকে নিষেধাজ্ঞা, ধরপাকড়, গণগ্রেফতার অমান্য করে মিছিলে সামিল হচ্ছেন মুক্তিযুদ্ধে অগ্রবর্তী ভূমিকা গ্রহণকারী আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।
এমন প্রতিকূল পরিস্থিতিতে মঙ্গলবার (২৩ জুন) দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন— 'এই মুহূর্তে শপথ একটাই— ভয় নয় সাহস, বিভেদ নয় ঐক্য, প্রতিহিংসা নয় ন্যায় বিচার; অন্ধকার নয়, মুক্তিযুদ্ধের চেতনার আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।'
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের 'এই সময় অনলাইন'-এ একটি এক্সক্লুসিভ লেখায় শেখ হাসিনা তাঁর দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন, 'দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ভয়কে জয় করতে হবে। বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে। প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে। মিথ্যা প্রচার, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।' প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, 'বাংলাদেশ আজ দু'টি পথের সামনে দাঁড়িয়ে আছে। এক দিকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও উন্নয়নের পথ। অন্য দিকে প্রতিহিংসা, মব-সন্ত্রাস, মৌলবাদ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্ধকারের পথ। বাংলাদেশের মানুষ কখনও অন্ধকারের পথ বেছে নেননি, এ বারেও নেবেন না।'
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অবৈধ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ঘরে ঘরে তল্লাশি, গ্রেফতার, নির্যাতন, পরিবারকে হয়রানি, সহায়-সম্পত্তি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগকে নীরব করার চেষ্টা চলছে। এমনকি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ ভাবে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলনকেও অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। 'শেখ হাসিনা লিখেছেন, 'একটা কথা স্পষ্ট ভাবে বলা প্রয়োজন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো অপরাধ নয়। 'জয় বাংলা' বলা অপরাধ নয়। আওয়ামী লীগকে ভালোবাসা অপরাধ নয়। জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের কথা বলা অপরাধ নয়।'
পুলিশ প্রশাসনের উদ্দেশে শেখ হাসিনার বার্তা, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তাদের স্মরণ রাখা উচিত, তাঁরা কোনও দলীয় বাহিনী নন, প্রজাতন্ত্রের কর্মচারী। রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেফতার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ কর্মসূচি দমন করা এবং কোনও নাগরিককে তার রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধী বানানো আইনসম্মত দায়িত্ব নয়, ক্ষমতার অপব্যবহার।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]