
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, “ বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা বেআইনি, অন্যায়, আন্তর্জাতিক আইন পরিপন্থি এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।”
বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।
তারা বলেন, “ভারতের পুশ ইনের পদক্ষেপ জাতিসংঘের মানবাধিকার সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে যুক্ত করে জোরালো প্রতিবাদ জানাতে হবে সরকারকে। সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে দল, মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে নিয়ে একটি দৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করার পূর্বশর্ত।”
নেতৃদ্বয় বলেন, “পুশ-ইনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সীমান্ত হত্যার চিত্র মিডিয়া ও সুশীল সমাজের মাধ্যমে দেশ ও বিদেশের সামনে জোরালোভাবে তুলে ধরতে হবে। পুশইনের এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যাদের পুশইন করা হচ্ছে আসলে তারা কারা, কোন দেশের নাগরিক, এসবের কিছুই জানা যাচ্ছে না। এক্ষেত্রে ভারত নিজেদের আইন ও সংবিধানও লঙ্ঘন করছে বার বার। ”
তারা বলেন, “ভারত যেন সীমান্ত দিয়ে এভাবে পুশ ইন অব্যাহত রাখতে না পারে, সে জন্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। একই সাথে অবৈধ পুশ ইন বন্ধ না হলে বাংলাদেশকে বিষয়টি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিতে হবে। দুই দেশের স্বার্থেই পুশ ইনের বিষয়টি এড়িয়ে চলা বা এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ”
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]