নাসীরুদ্দীন পাটওয়ারী যাওয়ায় মসজিদের ভেতর স্লোগান, ধাক্কাধাক্কি-হট্টগোল
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:৫২
নাসীরুদ্দীন পাটওয়ারী যাওয়ায় মসজিদের ভেতর স্লোগান, ধাক্কাধাক্কি-হট্টগোল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার আগমনকে ঘিরে মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয়। এতে মসজিদের দরজার গ্লাস ভেঙে অন্তত দুই মুসল্লি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে এ ঘটনা ঘটে। তবে আহত মুসল্লিদের নাম পাওয়া যায়নি।


মসজিদের মুসল্লি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে জুমার বয়ান চলাকালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হন। এ সময় তার সঙ্গে অনেক নেতাকর্মী মসজিদে প্রবেশ করেন। তবে তার আগমনকে কেন্দ্র করে মসজিদের ভেতরে কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে। এ ছাড়া ধাক্কাধাক্কিতে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়। সেই ভাঙা গ্লাসে কয়েকজন মুসল্লির পা সামান্য কেটে গেছে।


মুসল্লি আলমাস মিয়া বলেন, আজ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী মসজিদে এলে তার সঙ্গে অনেক লোকজন এসেছে। এতে মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে। মুসল্লিদের নামাজ আদায় করতে কষ্ট হয়েছে। সবশেষে ওরা ধাক্কাধাক্কি করে মসজিদের দরজার গ্লাস ভেঙে ফেলেছে। সেই কাঁচের গ্লাস দিয়ে অনেকের হাত-পা কেটে যায়।


এর আগে জুমার নামাজের খোতবার আগে মসজিদে এসে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না। তাই সবাইকে মসজিদে আসতে বলি, যাতে করে সবাই মসজিদমুখী হয়।


এ বিষয়ে দুঃখ প্রকাশ করে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আমরা প্রথম থেকে মসজিদের ভেতরে চাপ কমানোর চেষ্টা করেছি। কিন্তু উপচে পড়া ভিড়ের কারণে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি।


তিনি আরও বলেন, এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেবো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com