আজীবন দলের জন্য কাজ করেছি, করব : শাহিনুর নার্গিস
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২
আজীবন দলের জন্য কাজ করেছি, করব : শাহিনুর নার্গিস
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ভোট অনুষ্ঠিত হবে ১২ মে। সংসদ নির্বাচনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি দেখা যাচ্ছে। এরমাঝেই ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।


বিএনপি প্রার্থীদের মধ্যে তুমুল আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী শাহিনুর নার্গিস। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ৩১ বছরের রাজনৈতিক জীবনে শাহীনুর নার্গিস জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন। আমরা আজ মুখোমুখি হয়েছি প্রাণোচ্ছ¦ল এই নেত্রীর। জেনেছি রাজনীতি ও দেশ নিয়ে তার ভাবনার কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন জোহরা শিউলী।


বিবার্তা : বর্তমান বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা ও অবিশ্বাসের যে পরিবেশ তৈরি হয়েছে আপনি কীভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান?


শাহিনুর নার্গিস : বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির বিকল্প নেই। বিএনপির ৩১ দফাতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ওয়াদা রয়েছে। বর্তমান রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা ও অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করে ঘনঘন সংলাপ করে করে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আমি মনে করি সকল রাজনৈতিক দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আস্থার পরিবেশ তৈরি করতে পারলে, ভিন্নমতকে দমন না করে বরং সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ছাত্ররাজনীতি, স্থানীয় রাজনীতি, জাতীয় রাজনীতিসহ সকল সেক্টরে সহিংসতার পরিবর্তে নীতিনিষ্ঠ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও নাগরিক সমাজকে স্বাধীনভাবে মত প্রকাশের এবং কাজ করার সুযোগ দিতে হবে।


বিবার্তা : গুম, খুন, বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান। আপনি সংসদ সদস্য মনোনীত হলে আইনের শাসন প্রতিষ্ঠায় কী ধরনের কাঠামোগত পরিবর্তন আনবেন?


শাহিনুর নার্গিস : আইনের শাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত পরিবর্তন, গুম, খুন, বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দূর করতে হলে শুধু প্রতিশ্রুতি নয়, কাঠামোগত সংস্কার এবং দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করাটা জরুরি। আমি সংসদ সদস্য হলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের কাছে জাতীয় সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বাড়াতে, স্বাধীন নজরদারি কমিশন গঠন করতে, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তে স্বচ্ছ ও নিরপেক্ষ কমিশন তৈরি করতে, মানবাধিকার লঙ্ঘনের মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখবো। যে কমিশনগুলো ইতোমধ্যে তৈরি হয়েছে সেগুলোর কার্যক্রম যেন দ্রুতগতিতে চালানো হয় সে প্রত্যাশা উপস্থাপন করবো। এমনিতেই গড়ে ২০ বছর গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতন্ত্রমুখী মানুষ বিমুখ হয়ে পড়েছে। ২০ বছরের গণতন্ত্রহীন রাষ্ট্রকে দ্রুত সময়ে বিশ্বাস অর্জন করে তড়িৎগতিতে কাজ করতে হবে।


বিবার্তা : অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব এবং দুর্নীতির মতো সমস্যাগুলো মোকাবেলায় আপনার অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা কী হবে?


শাহিনুর নার্গিস : অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব ও দুর্নীতি মোকাবিলা এই সমস্যাগুলো সমাধানে আমার অগ্রাধিকার হবে কর্মসংস্থানমুখী শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন (SME খাত শক্তিশালী) করা।
তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) প্রোগ্রাম।
সরকারি খাতে ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধি করে দুর্নীতি কমানো।
ধনী-গরিব বৈষম্য কমাতে ন্যায্য করনীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ। আন্তর্জাতিক শ্রমবাজার বৃদ্ধি করণ। বন্ধ কলকারখানা গুলো রাষ্ট্রীয় কিংবা ব্যক্তি মালিকায় দ্রুত সচল করণ। কিছু লোককে শেয়ার বাজার মুখী করে জীবিকা নির্বাহ করার জন্য শেয়ার বাজারকে গতিশীল করা।


বিবার্তা : তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও রাজনৈতিক অনাগ্রহ বাড়ছে তাদেরকে রাষ্ট্রগঠনে সম্পৃক্ত করতে আপনি কী ধরনের উদ্যোগ গ্রহণ করবেন?


শাহিনুর নার্গিস : তরুণ প্রজন্মকে রাষ্ট্রগঠনে সম্পৃক্ত করে, হতাশা দূর করতে হবে। শিক্ষা শেষে যারা রাজনীতিতে আগ্রহী তাদের কমিটির নামে পোস্ট -পদবির মধ্যে যে বৃহৎ গ্যাপ তৈরি হয় সেই গ্যাপ ফিলাপ করতে হবে। নির্দিষ্ট সময়ে সকল কমিটিগুলো তৈরি করতে হবে। যোগ্যতায় কমিটি দিতে হবে। তুলনামূলক ইয়াং রাজনীতিবিদের বিশেষ কোন স্কিল ডেভলপমেন্ট থাকতে হবে (পেশা) যা দিয়ে সে জীবিকা নির্বাহ করবে এবং রাজনীতিটা চালিয়ে যাবে। ছাত্র জীবন শেষে যারা চাকরি করতে চায় তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, ইন্টার্নশিপ ও ট্রেইনিং প্রোগ্রাম বাধ্যতামূলক করতে হবে। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে ইয়ুথ কাউন্সিল বা যুব ফোরাম গঠন, স্টার্ট-আপ ও উদ্ভাবনে সহজ ঋণ ও প্রণোদনা প্রদান করতে হবে। অনলাইন ও অফলাইনে গণতান্ত্রিক আলোচনা ও নেতৃত্ব প্রশিক্ষণ চালু করতে হবে। রাজনীতি সহ প্রতিটি সেক্টরে যেনো তারা গবেষণা করতে পারে, সরকার বা কোন প্রতিষ্ঠানকে তার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে সহযোগিতা করতে পারে সেভাবে কাবিল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।


বিবার্তা : দেশে এক ধরনের উগ্রবাদের উত্থান হয়েছে। এই উত্থানের পেছনে কাদের ভূমিকা আছে বলে মনে করেন? নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ কীভাবে মূল্যায়ন করবেন? সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আর কত রক্ত আমাদের দিতে হবে বলে মনে করেন?


শাহিনুর নার্গিস : উগ্রবাদের উত্থান কখনোই একদিনে হয় না। এটি জন্ম নেয় রাজনৈতিক সংকট, সামাজিক বৈষম্য, শিক্ষা ঘাটত, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদাসীনতা, ন্যায্য অধিকার বঞ্চিত, পর্যাপ্ত মনবিকাশের অভাব ও অপব্যাখ্যার মাধ্যমে। যারা ঘৃণা, বিভাজন ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সাথে সাথে সামাজিক সচেতনতার স্তরকে আরো দৃঢ় ও মজবুত করতে হবে। নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে রক্ত নয়, প্রয়োজন ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের প্রতিষ্ঠা। সৃষ্টিকর্তার তৈরি নারী পুরুষের পার্থক্যকে রাষ্ট্রীয় বা সামাজিক বৈষম্যে রূপ না দেয়া। ইনশাআল্লাহ, বাংলাদেশ একজন দক্ষ,উদারপন্থি, মানবিক এবং মুক্তচিন্তার রাষ্ট্রপ্রধান পেয়েছেন। আশা করি তিনি যেভাবে বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হচ্ছেন সেভাবেই ছোট-বড় সকল বৈষম্য দূর করতে সফলকাম হবেন।


বিবার্তা : ধন‍্যবাদ আপনাকে।


শাহিনূর নার্গিস : আপনাকেও ধন‍্যবাদ। বিবার্তার পাঠকদের জন্য শুভেচ্ছা রইলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com