রাজনীতি
জিয়া পরিবারের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭
জিয়া পরিবারের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।


শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউররা। আজ সেই আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ৭৪ বছর পূর্ণ হলো।


একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে নগ্নপদে প্রভাতফেরি নিয়ে আবালবৃদ্ধবনিতা শহীদ মিনারে সমবেত হচ্ছেন। রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি শহীদ মিনার আজ ফুলে ফুলে ছেয়ে গেছে বীর সন্তানদের প্রতি জাতির কৃতজ্ঞতায়। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং উত্তোলন করা হয়েছে শোকের প্রতীক কালো পতাকা।


দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তারা ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং দেশ গড়ায় একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দিনভর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com