
রাজধানীর মিরপুরে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর থানার পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, এদিন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশের মিরপুর বিভাগের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য জানিয়ে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
এ বিষয়ে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। সন্ধ্যায় জামায়াত নেতা-কর্মীদের জিম্মি করা হয়, মারধরের পর হামলা চালানো হয়। পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]