
সদ্য প্রয়াত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।
জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সঙ্গে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘দুই মাসের মতো হলো বাণিজ্য সচিবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। বেশ কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ১৩ এপ্রিল তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]