১৬ বছর পর চাকরিতে পুনর্বহাল পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২২:৩৯
১৬ বছর পর চাকরিতে পুনর্বহাল পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার। রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় সোমবার (৯ মার্চ) প্রায় সাড়ে ১৬ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সরকারি চাকরির সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে।


এ আদেশের ফলে পুলিশে তিনি চাকরি ফিরে পেলেন। বরখাস্ত বাতিলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। বিসিএস ১২ ব্যাচের এ পুলিশ কর্মকর্তার বরখাস্তকালীন সময়কে ‘চাকরিকাল’ হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে।


এদিন মন্ত্রণালয়ের এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোহিনূর মিয়ার ‘বরখাস্তকরণের’ গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘তার গুরুদন্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মঞ্জুরপূর্বক আরোপিত ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ডাদেশটি বাতিল করা হয়।’


২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বরখাস্ত করা হয়। জানা যায়, ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হলের ফটক ভেঙে হামলা চালায় পুলিশ। তখন এ হামলার নেপথ্যে এই পুলিশ কর্মকর্তার নাম আলোচিত হয়।



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com