
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত পাঁচজন সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এক শিক্ষার্থীকে শিবিরকর্মী সন্দেহে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হকিস্টিক ও পাইপ নিয়ে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।
আহত সাংবাদিকরা হলেন- দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুসহ আরও দুজন। আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন হিমশিম খায়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃমাহবুবুর রহমান সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারার দায় স্বীকার করে বলেন,আমরা ব্যর্থ হয়েছি।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠন। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]