
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় গ্রেফতার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস (২৭) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৬) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এই আদেশ দেন।
গত ১১ অক্টোবর আয়াস রিমিসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেন। যার মধ্যে সাকিবুল হাসান (১৯) ও নূর মোহাম্মদ আয়াসের (২৭) তিন দিন এবং মো. সুজন মিয়ার (১৮) ও মারজিয়া খন্দকার রিমির (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
এর মধ্যে সাকিব ও সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
বুধবার আয়াশ ও রিমিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার হিমেল।
আসামিপক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানিকালে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিচারক এজলাস ছাড়েন। তবে উভয়পক্ষের সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়। গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন। আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন। অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’ এই কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।
এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক এবং ২৯৫ক ধারায় শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]