৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা, ৩ দিনের রিমান্ডে বাবা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:১৫
৭ মাসের মেয়েকে আছড়ে হত্যা, ৩ দিনের রিমান্ডে বাবা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের কন্যাসন্তানকে আছড়ে হত্যার অভিযোগে করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


রবিবার (২৬ জুলাই) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন।


মামলার নথিসূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেটসংলগ্ন বালুরমাঠ এলাকায় সাত মাস বয়সি শিশু রাফা মনিকে রাস্তায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জুলাই দুপুরে মারা যায় শিশু রাফা মনি। এ ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন শিশুটির নানি শারমীন আক্তার। পরবর্তীতে এই মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়।


মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছিলেন। বিকেলে শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে জোর দাবি তোলা হলেও আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে পেশায় রিকশাচালক কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় রাফা মনি। তবে কবির দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে তিনি প্রায়ই স্ত্রী লিমাকে মারধর ও গালাগাল করতেন।


ঘটনার দিন বুধবার লিমার বাবা অসুস্থ থাকায় সন্তানকে নিয়ে তিনি বালুরমাঠ এলাকায় বাবার বাসায় যান। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সেখানে পারিবারিক নানা বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার বাগবিতণ্ডা ও তীব্র ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে নানির কোল থেকে সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে ছিনিয়ে নেন। এরপর নির্মমভাবে তাকে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় মারেন। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অবোধ শিশুটিকে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com