আইন আদালত
পিজি'র প্রিজন সেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাংবাদিক আজাহার আলী সরকার
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৭:৫৪
পিজি'র প্রিজন সেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাংবাদিক আজাহার আলী সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজিবি এসএমএমইউ) প্রিজন সেলে বন্দী সাংবাদিক আজাহার আলী সরকার (৫৭) গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


আশরাফ আলী সরকারের ছেলে সাংবাদিক আজাহার আলী সরকারকে চলতি বছরের ২৯ এপ্রিল চিকিৎসার জন্য প্রিজন সেলে স্থানান্তর করা হয়।


হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দুটি উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় সম্পন্ন করেছে। মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, আজাহার সরকার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, অ্যাজমাজনিত স্বাসকষ্ট সহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত।


পরিবারের দাবি, এর মধ্যে কয়েকটি রোগ কারাবন্দি অবস্থায় দেখা দিয়েছে এবং বর্তমানে তা মারাত্মক আকার ধারণ করেছে।


চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকটাপন্ন। তার জন্য অন্তত দুটি বড় ধরনের অস্ত্রোপচার জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।


রক্তশূন্যতা মোকাবিলায় ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তবে তার শরীরে রক্তের মাত্রা স্থিতিশীল রাখা যাচ্ছে না। তার রক্তের গ্রুপ AB পজিটিভ (AB+)।


চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম, ফলে অস্ত্রোপচারের সময় ও পরে রক্তক্ষরণের ঝুঁকি বেশি রয়েছে।


উল্লেখ্য, প্রথম ধাপে EVL (Endoscopic Variceal Ligation) সম্পন্ন করার পর দ্রুত কিডনিসংক্রান্ত অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসা কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ পর্যন্ত তার এক্স-রে, সিটি স্ক্যানসহ বিভিন্ন ধরনের শতাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপরও চিকিৎসকরা তৃতীয় দফায় একটি মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।


আজাহার সরকারের স্ত্রী, দুই সন্তান ও পরিবারের সদস্যরা তার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আজাহার সরকারকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে নিয়ে যায়। পরদিন তাকে রমনা মডেল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। আজাহার সরকার আদালতে দাবি করেছেন, মামলাটি মিথ্যা ও বানোয়াট।


উল্লেখ্য, চলতি বছরে (১৮ মে, ২ জুন ও ৮ জুন) তিনটি নির্ধারিত তারিখে শারীরিকভাবে অস্ত্রোপচারের উপযুক্ত না হওয়ায় চিকিৎসকরা প্রস্তুতি নিয়েও তার অপারেশন করতে পারেননি।


বর্তমানে আজাহার সরকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতি বন্দি। তার হাজতি নম্বর ৮৮৫৫/২৬।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com