সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬ বার
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬:১১
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬ বার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ বারের মতো পেছাল। বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।


বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন নির্ধারণ করেন।


প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।


এ মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন। বাকি আসামিরা কারাগারে আছেন।


প্রথমে মামলাটির তদন্ত করেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর তদন্তভার যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)। পরে রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় একই বছরের ১৮ এপ্রিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর কাছে তদন্তভার হস্তান্তর করা হয়।


গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে এবং তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে বলা হয়।


পরে গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com