
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এটি শুনতে অপারগতা প্রকাশ করেন।বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আহমেদ সোহেল ও মনিরা শারমিনের বাড়ি একই সংসদীয় আসনের হওয়ায় তিনি রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
আইনজীবীরা জানান, রিট আবেদনটি মঙ্গলবার (৫ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা যায়, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। কিন্তু তাদের একজন এখনও নির্বাচিত হননি। তাদের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় তাদের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে বৈধ হয়। তবে তাকে এখনও নির্বাচিত ঘোষণা করা হয়নি। অন্যদিকে মনিরা শারমিন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেছেন। সেটি এখন নিষ্পত্তির অপেক্ষায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]