পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৩৭
পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত।


জ্যোতির্বিজ্ঞানীদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হিজরি ১৪৪৮ সনের রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে রমজান মাসের বাকি রয়েছে আর অল্প কয়েক মাস।


ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্ক শনিবার রাত সাড়ে সাতটার দিকে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ হিসাব ও খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা বিবেচনা করে আগামী ১২ অক্টোবর জুমাদাল উলা মাসের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হিসেব অনুযায়ী, চাঁদ দেখার আনুষ্ঠানিক নিশ্চয়তা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।


এছাড়া জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী রমজান মাস ২৯ অথবা ৩০ দিন দীর্ঘ হতে পারে, যার ফলে পবিত্র ঈদুল ফিতর আগামী ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আল জারওয়ান আরো ব্যাখ্যা করেন যে, হিজরি বর্ষপঞ্জির অন্যতম বিশেষত্ব হলো কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কেবল আকাশের চাঁদের রূপ পরিবর্তন পর্যবেক্ষণ করে এর অগ্রগতি নির্ধারণ করা সম্ভব। প্রথম কাস্তে আকৃতির সরু চাঁদ থেকে শুরু করে পূর্ণিমা এবং পরবর্তীতে ধীরে ধীরে চাঁদের ক্ষয়প্রাপ্ত হওয়া দেখে সাধারণ মানুষ খুব সহজেই চাঁদের বিভিন্ন পর্যায় ও মাসের হিসাব রাখতে পারেন। এই প্রাকৃতিক নিয়মই শতাব্দী ধরে ইসলামি ক্যালেন্ডারের মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছে।


অন্যদিকে, শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চাঁদ দেখার বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন মতামত উপস্থাপন করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈজ্ঞানিক গণনায় রবিউল আখেরের শেষ সন্ধ্যায় সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখা যাওয়া কিছুটা কঠিন হতে পারে। তবে আধুনিক অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সহায়তায় সূর্যাস্তের পূর্বেই চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে। যেসকল দেশ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ গাণিতিক হিসাব বা প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণকে প্রাধান্য দেয়, তারা হয়তো সোমবার থেকেই নতুন মাস গণনা শুরু করবে।


আবার যেসব দেশে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার শর্ত অপরিবর্তিত রাখা হয়, সেখানে হয়তো একদিন পর মঙ্গলবার থেকে জুমাদাল উলা মাস শুরু হতে পারে। দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও জ্যোতির্বিজ্ঞানীদের সিংহভাগই মনে করছেন যে, আগামী ফেব্রুয়ারির শুরুতেই বিশ্বজুড়ে পবিত্র রমজান মাসের আগমন ঘটবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com