
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবে শনিবার (৩ অক্টোবর) এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, অভিযানটি ‘সফলভাবে লক্ষ্য অর্জন করেছে’ এবং হামলার পর লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সানা ও ইয়েমেনের অন্যান্য প্রদেশে ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২০টিতে। এসব হামলার জন্য তিনি সৌদি আরবকে দায়ী করেন।
হুতিদের এই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবরোধের জবাব অবরোধ দিয়ে এবং হামলার জবাব হামলা করেই দেয়া হবে।’
এদিকে ইয়েমেনের সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সৌদি গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, শনিবার রিয়াদে হামলা চালানোর বিষয়ে হুতিদের দাবি ‘বিভ্রান্তিকর’।
তিনি বলেন, হুতিরা নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। একই সঙ্গে বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনা বিদেশি স্বার্থের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও আড়াল করতে চাইছে তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]