
ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে আইআরজিসির ১৪ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর।
এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্রেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে বলে জানিয়েন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে রয়েছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। নতুন করে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যে সংঘাতের অবসানে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠায় ইরান। তবে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প।
এর মধ্যেই ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসির ১৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফারস।
এই ঘটনায় আরও দুজন সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেয়া হয়েছিল।
ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, নৌবাহিনী আরব উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের অন্তত দুই হাজার কিলোমিটার উপকূলীয় জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা ইরানি জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হয়ে উঠবে।
এদিকে মহান মে দিবসে লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, শত্রুদের সঙ্গে সামরিক সংঘাতে অগ্রগতি ও সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে ইরান। অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও তাদের হতাশ ও পরাজিত করতে হবে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]