তথ্য দাও, নাহলে জেলে যাও: ট্রাম্প
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১২
তথ্য দাও, নাহলে জেলে যাও: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে চলমান মার্কিন আগ্রাসনের মধ্যে গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ ইগল যুদ্ধবিমান ধ্বংস করেন ইসলামি প্রজাতন্ত্রের সেনারা। এর কিছুক্ষণের মধ্যেই এক ক্রু সদস্য বা পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। তবে বিধ্বস্ত হওয়া বিমানে আরও একজন পাইলট ছিলেন বা তিনিও নিখোঁজ আছেন- এমন তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু তাৎক্ষণিক মার্কিন গণমাধ্যমেই খবর ছড়িয়ে পড়ে যে আরও এক পাইলট নিখোঁজ আছে, যাকে যুক্তরাষ্ট্রের সেনারা খুঁজছেন। এতে রেগে আগুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মার্কিন প্রেসিডেন্ট সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে হুমকি দিয়ে বলেছেন, এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় সদস্যটি কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। ট্রাম্পের মতে, ইরান এ বিষয়ে কিছুই জানত না। এরপর একজন ‘গুপ্তচর’ এ তথ্য গণমাধ্যমে ফাঁস করে দেয় এবং শুরু হয় তাকে খোঁজার অভিযান।


সোমবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী একজন এফ-১৫ ক্রু সদস্যকে উদ্ধার করেছে, কিন্তু আরেকজনকে খুঁজছে—এমন খবর প্রকাশ হওয়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে, কারণ এতে ইরান সতর্ক হয়ে যায়।


তিনি বলেন, ‘আমরা সেই ফাঁসকারীকে খুঁজে বের করতে জোর চেষ্টা করছি। তারা মূলত বলেছে যে আমাদের একজন আছে, আর একজন নিখোঁজ। কিন্তু (ইরান) জানত না কেউ নিখোঁজ আছে, যতক্ষণ না এই ফাঁসকারী তথ্যটি দেয়।’


ট্রাম্প বলেন, ‘এই তথ্য ফাঁসের কারণে মার্কিন সামরিক বাহিনী আরও কঠিন অবস্থায় পড়ে। এটি অনেক বেশি কঠিন অপারেশন হয়ে যায়, কারণ একজন ফাঁসকারী জানিয়ে দেয় যে আমরা একজনকে উদ্ধার করেছি, কিন্তু আরেকজন এখনো বাইরে আছে, যাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি।’


ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি সেই গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে যাবে যারা এই খবর প্রকাশ করেছে এবং সূত্রের পরিচয় জানতে চাইবে। অস্বীকার করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি কোন গণমাধ্যমের কথা বলছেন তা স্পষ্ট করেননি।


তিনি বলেন, ‘আমরা মনে করি আমরা এটা বের করতে পারব, কারণ আমরা সেই মিডিয়া কোম্পানির কাছে যাব যারা এটি প্রকাশ করেছে, এবং বলব—‘জাতীয় নিরাপত্তার স্বার্থে, তথ্য দাও, নাহলে জেলে যাও।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com